Site icon dailysharenews.com – Share Market News Portal in Bangladesh

কমার্স ব্যাংক সিকিউরিটিজের সিইওর দূর্নীতির বিষয়ে তদন্তের নির্দেশ

কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (সিবিএসআইএল) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল ইসলামের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, নিয়োগে জালিয়াতি ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। অভিযোগগুলো খতিয়ে দেখে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৬ ড. কে এম আলমগীর কবীর স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৩ অক্টোবর প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে লিখিত আবেদন করে সিবিএসআইএলের সিইও আরিফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপন করা হয়। আবেদনে আর্থিক অনিয়ম, ভুয়া তথ্য ব্যবহার করে নিয়োগ গ্রহণ এবং প্রশাসনিক স্বেচ্ছাচারিতার বিষয়গুলো তুলে ধরা হয়।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে চিঠি পাঠায় প্রধানমন্ত্রীর কার্যালয়। এতে সংযুক্ত আবেদনপত্রের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তা প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

চিঠির অনুলিপি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিবের কাছেও পাঠানো হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিবকেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

এর আগে সিবিএসআইএলের সিইও আরিফুল ইসলামের বিরুদ্ধে জালিয়াতি, কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে প্রতিষ্ঠানের পর্ষদের সিদ্ধান্ত উপেক্ষা করে ডিলার কোডে শেয়ার পার্কিংয়ের মাধ্যমে প্রায় ১০ কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগও উঠে আসে।

গত ১০ মার্চ ২০২৬ তারিখে এ বিষয়ে দুদক ও বিএসইসিতে লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগে বলা হয়, সিবিএসআইএলে সিইও পদে নিয়োগের ক্ষেত্রে আরিফুল ইসলাম অনিয়মের আশ্রয় নিয়েছেন। আগের প্রতিষ্ঠান বিনিময় সিকিউরিটিজে কর্মরত থাকার তথ্য উল্লেখ করলেও সেখান থেকে প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই তিনি বর্তমান প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক সিইও হিসেবে নিয়োগ পান।

দুদক সূত্রের বরাতে অভিযোগে আরও বলা হয়, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন আর্থিক অনিয়মে জড়িয়ে পড়েন। তাঁর অনৈতিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করায় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হয়রানির শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করা হয়।

অন্যদিকে, বিএসইসি সূত্রে জানা গেছে, সিইও আরিফুল ইসলামের বিরুদ্ধে ডিলার অ্যাকাউন্ট ব্যবহার করে শেয়ার লেনদেনে অনিয়ম এবং মার্জিন অ্যাকাউন্টে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের অভিযোগ রয়েছে। বিশেষ করে লাভেলো শেয়ারে ব্যক্তিগত আর্থিক সুবিধার বিনিময়ে বিনিয়োগ করে প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা লোকসান করানোর অভিযোগ উঠেছে। এতে তিনি ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। আলোচিত এ শেয়ার নিয়ে বিএসইসি ইতোমধ্যে একাধিক তদন্ত ও জরিমানা করেছে বলে সূত্র জানিয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত উপেক্ষা করে প্রায় ১০ কোটি টাকার শেয়ার পার্কিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠানকে বড় ধরনের আর্থিক ঝুঁকিতে ফেলেছেন আরিফুল ইসলাম।

এ ছাড়া তিনি নিজে অথরাইজড ট্রেডার না হওয়া সত্ত্বেও সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে দপ্তরের দরজা বন্ধ রেখে গোপনে শেয়ার লেনদেন পরিচালনা করেছেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে মার্জিন আইন উপেক্ষা করে নগদ সুবিধার বিনিময়ে নির্দিষ্ট পোর্টফোলিওধারীদের অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ করপোরেট গভর্ন্যান্সের অবনতি এবং মানবসম্পদ বিভাগের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে। অভিযোগ অনুযায়ী, মতের অমিল হলেই কর্মকর্তাদের বদলি বা বরখাস্ত করা এবং তাঁদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে। এমনকি নতুন বিনিয়োগকারীদের বিনিয়োগে নিরুৎসাহিত করার অভিযোগও উঠেছে সিইওর বিরুদ্ধে।

এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে আরিফুল ইসলামের বিরুদ্ধে দ্রুত কার্যকর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কর্মকর্তা ও বিনিয়োগকারীরা। দুদক ও বিএসইসিতে জমা দেওয়া লিখিত অভিযোগে তাঁরা এ দাবি জানান।

সূত্র: অর্থসংবাদ

Exit mobile version